৪) প্রভু নিত্যানন্দরাম রূপে-গুণে অনুপম
পদ্মাবতী গর্ভে জনমিলা।
নিজগণ লইয়া সঙ্গে দ্বাদশ বৎসর রঙ্গে
শ্রীএকচক্রায় বিলাসিলা।।
গােরা অবতীর্ণ হৈলে সন্ন্যাসীর সঙ্গছলে
বাহির হইলা ঘর হইতে।
তীর্থ পর্যটন করে বিংশতি বর্ষের পরে
আনন্দে আইলা নদীয়াতে ৷৷
পাঞা প্রাণ গােরাচাঁদে পড়ি সে প্রেমের ফাঁদে
দণ্ড-কমণ্ডলু ফেলে দূরে।
সদামতি সংকীর্তনে ক্ষেত্রে চলে প্রভু সনে
প্রভু দণ্ড তিনখণ্ড করে ৷৷
প্রভুর আদেশমতে গৌড়ে আসি ক্ষেত্র হতে
প্রভু মনােহিত কর্ম কৈলা।
দাস নরহরি গতি বসু-জাহ্নবার পতি
যারে-তারে প্রেম বিতরিলা ৷৷




0 Comments